চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে যাত্রী ওঠানামার সময় বেপরোয়া গতির একটি বাসের চাপায় আরেকটি বাসের সুপারভাইজার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (রাত ১টা) চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত রফিক উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নতুনপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি হানিফ পরিবহনের অপর একটি বাসের সুপারভাইজার বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় মইজ্জ্যারটেক মোড়ে যাত্রী ওঠানামার কাজে নিয়োজিত ছিলেন রফিক উদ্দিন। এ সময় নতুন ব্রিজের দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ সুপার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১২১৫) তাকে চাপা দেয়। এতে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই বাসটির চালককে আটক করা হয় এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে পুলিশ। পরদিন সকালে আহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, মামলায় বাসচালক হৃদয় (৩২), সুপারভাইজার রাফি (২২) ও হেলপারকে আসামি করা হয়েছে। এর মধ্যে চালক হৃদয়কে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।
মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) আশিক হায়দার বাকি।













