১১ ফেব্রুয়ারি ২০২৬

ফোরএইচ গ্রুপের নামে সিটি ব্যাংকে ১১ কোটি টাকা আত্মসাৎ; ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয় সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ কর্পোরেট ডিভিশনে ১১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

এজাহার অনুযায়ী, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ আরও তিনজন এতে জড়িত রয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশে ফোর এইচ গ্রুপের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে উদ্ঘাটিত হয়েছে যে, তারা বিভিন্ন এফডিআর ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ নিজের বা স্বজনদের নামে স্থানান্তর করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার সময়কাল ২৩ জানুয়ারি ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এবং আত্মসাতের পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক ১১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৯০০ টাকা। তবে তদন্ত চলমান থাকায় আরও সম্পৃক্ততা ও অর্থ আত্মসাতের পরিমাণ বাড়তে পারে।

দুদক আরও জানিয়েছে, আসামিরা জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংকের বিশ্বাস ভঙ্গ করেছেন এবং এ জন্য তারা দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উপসহকারী পরিচালক মুহাম্মদ হামেদ রেজা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আসামিরা কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ