১২ ফেব্রুয়ারি ২০২৬

রাউজানে বিএনপির প্রার্থী গিয়াস কাদেরের কর্মীর বাড়িতে গুলি

রাউজান- রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে একদল সন্ত্রাসী।

আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামের সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে হঠাৎ করে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী বিএনপির কর্মী রুস্তম আলীর নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালি দিয়ে গুলি করতে করতে তার বাড়ির সামনে আসে। পরবর্তীতে বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান,
“গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে এবং কেন ঘটেছে ও কারা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কর্মী রুস্তম আলী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শান্ত ছিল রাউজান উপজেলা। শুধু তাই নয়, নির্বিঘ্নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালানোর সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন হঠাৎ গোলাগুলির ঘটনায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট-পরবর্তী রাউজানে ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ১৩ জনই বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং বাকি ৬টি হত্যাকাণ্ড পারিবারিক ও সামাজিক সহিংসতার কারণে ঘটে বলে জানা গেছে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ