চট্টগ্রামের টেরিবাজারে দেশীয়ভাবে তৈরি পাঞ্জাবিকে ‘মেড ইন ইন্ডিয়া’ হিসেবে বিক্রি করা এবং পণ্যের দামে অসঙ্গতি পাওয়ার অভিযোগে ‘রাজস্থান’ নামে একটি অভিজাত বিপণি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর টেরিবাজারে অবস্থিত ‘রাজস্থান’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, দেশীয়ভাবে তৈরি পাঞ্জাবিকে ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া পণ্যের দামের ক্ষেত্রেও অসংগতি পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।












