চট্টগ্রামের পটিয়া উপজেলায় খড়ের আগুনের ধোঁয়ায় সড়ক ঢেকে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বাঁশি মোহন দাশ (৫০), তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪৭)। এদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাস্তার পাশে খড়ে আগুন দেওয়ার ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। এতে ‘ঈগল পরিবহন’-এর দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সময়ে ‘মারসা পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।












