আইন পেশায় আনুষ্ঠানিকভাবে পদার্পণ করলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের কৃতি সন্তান ইশরাতুল হক। বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।
সোমবার (১৬ মার্চ ২০২৬) প্রকাশিত ফলাফলে তার এ সাফল্যের বিষয়টি নিশ্চিত হয়। এর মাধ্যমে তিনি এখন থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় দায়িত্ব পালন করতে পারবেন।
ইশরাতুল হক আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের আব্দুল সত্তারের বাড়ির বাসিন্দা। তিনি বরুমচড়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল হক চৌধুরীর একমাত্র কন্যা।
শিক্ষাজীবনে মেধাবী ইশরাতুল হক চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে এলএল.বি (সম্মান) সম্পন্ন করেন। পরবর্তীতে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ‘হিউম্যান রাইটস’ বিষয়ে এলএল.এম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের প্রথিতযশা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার পুরোহিত মহোদয়ের চেম্বারে অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত আছেন এবং পেশাগত দক্ষতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিজের প্রতিক্রিয়ায় ইশরাতুল হক বলেন, ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক আইনজীবী হিসেবে গরিব, অসহায় ও বিচারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।












