চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরবাড়ি, গবাদিপশু, নগদ অর্থ, স্বর্ণালংকার ও নতুন কেনা ঈদের কাপড়সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের নুরুজ্জামান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন শারীরিক প্রতিবন্ধী মো. শাহেদ (৪০), তার দুই ভাই নুর আমিন (৪৫) ও নুর আজিজ (৪০) এবং মো. হান্নান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুটি গরু পুড়ে মারা যায় এবং বসতঘরের সব মালামাল আগুনে ভস্মীভূত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে রান্নাঘরে রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চলাচলের রাস্তা ছোট হওয়ার কারণে পানিবাহী একটি গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে না পারায় অন্য ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, হঠাৎ আগুন দেখে আমরা হতভম্ব হয়ে যাই। প্রতিবেশীরা আমাদের উদ্ধার করলেও ঘরের কিছুই বাঁচাতে পারিনি। আগুনে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে গেছে। ঈদের জন্য বাচ্চাদের কাপড় কিনেছিলাম, কিছুই বের করতে পারিনি। এখন পরনের কাপড়টুকুও মানুষের দেওয়া।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।












