৩১ মার্চ ২০২৬

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভুয়া শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টা করার সময় একজনকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা। তিনি ক্যাম্পাসে নিজেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম মো. উমর ফারুক (১৭)। তার পিতা নুরুন্নবী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় মুদি ব্যবসা করেন। উমর ফারুক পাশ্ববর্তী জোবরা এলাকার বাসিন্দা।

আটকের পর জিজ্ঞাসাবাদে উমর ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, বন্ধুদের প্ররোচনায় আমি এ কাজ করেছি। মূলত বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুবিধার জন্যই আইডি কার্ডটি বানিয়েছিলাম।

নিরাপত্তা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মান্নান জানান, বহিরাগতদের ব্যাপারে আমরা সবসময়ই কঠোর অবস্থানে আছি। মূল ফটক দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালে সেটি যাচাই করে আমরা বুঝতে পারি এটি ভুয়া। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য সে এই পথ অবলম্বন করেছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

এর আগে, গেল বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসেও দুই ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ