১ এপ্রিল ২০২৬

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামীর মোবাইলে মিলল ভিডিও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামীর মোবাইল ফোন থেকে একটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৩০ মার্চ) বিকেলে অভিযুক্ত স্বামী ওমর ফারুকের মোবাইল ফোন জব্দ করে ওই ভিডিওটি পাওয়া যায়। এর আগে রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে গৃহবধূ জিন্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিন্নাত আরা বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। প্রায় দুই বছর আগে ওমর ফারুকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আট মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত আরা। এ সময় স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ হয়। ঘটনার দিন স্বামী বাইরে গেলে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।

পরবর্তীতে তিনি আত্মহত্যার চেষ্টা করলে স্বামী ঘরের বাইরে থেকে জানালা দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে। পরে তার মোবাইল ফোন থেকে ভিডিওটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ