চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবী সংগঠন পিসিআইইউ ভলান্টিয়ার্স ফোরামের উদ্যোগে পবিত্র রমজান মাসজুড়ে পরিচালিত মানবিক কর্মসূচি ‘শেয়ারিং হ্যাপিনেস ৬.০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. ওবায়দুর রহমান বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।”
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী প্রক্টর, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষার্থী এবং ভলান্টিয়ার্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়—বেস্ট ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ, বেস্ট ডেডিকেটেড মেম্বার, বেস্ট ফান্ড রেইজার এবং বেস্ট সাপোর্টিভ মেম্বার।
উল্লেখ্য, সমাজের বিভিন্ন স্তরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পিসিআইইউ ভলান্টিয়ার্স পুরো রমজানজুড়ে নয়টি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করে। কর্মসূচির আওতায় সেহরি ও ইফতার বিতরণ, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় সহায়তা, ঈদ বস্ত্র ও সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মেহেদি উৎসব আয়োজন, এক রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান এবং চট্টগ্রামের টাইগারপাস এলাকার বাসিন্দা মতিন ইসলামের হাতে একটি রিকশা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।












