বাংলাধারা ডেস্ক »
খুলনার গিলাতলা খাঁপাড়ায় ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে ছয় বছরের বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ ধর্ষণের অভিযোগে সোমবার রাতে খানজাহান আলী থানার মশিয়ালী থেকে নাহিদ শেখ নামে এক কিশোর বখাটেকে আটক করেছে।
রবিবার (২১ জুলাই) সকালে গিলাতলা ভৈরব নদের তীর এলাকায় একটি বাগানের মধ্যে এ ঘটনা ঘটে।
গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়। নাহিদ এলাকার মোমিন শেখের ছেলে এবং গিলাতলা খাঁপাড়ায় নানাবাড়ি থাকে বলে পুলিশ জানায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, যেহেতু বখাটে নাহিদের বয়স ১৩ বছর, এ কারণে কিশোর অপরাধী হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে। এ ছাড়া মেয়েটির বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে মশিয়ালী থেকে ওই বখাটেকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানায়, নাহিদ কৌশলে দুই ভাইবোনকে ভৈরব নদের তীরে বেড়াতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর স্থানীয় বেগের বাগানে চার বছরের ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে মেয়েটিকে ধর্ষণ করে। হাত বাঁধা অবস্থায় ছোট ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নাহিদ পালিয়ে যায়।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












