২৪ অক্টোবর ২০২৬

প্রবর্তকের জলাবদ্ধতা ছিল ‘দুর্ঘটনা’— দাবি মেয়র শাহাদাতের

চট্টগ্রাম নগরীর সাম্প্রতিক জলাবদ্ধতার জন্য অবৈধ দখল, অপরিকল্পিত হকার ব্যবসা এবং প্লাস্টিক-পলিথিন বর্জ্যকে দায়ী করেছেন শাহাদাত হোসেন। একই সঙ্গে প্রবর্তক এলাকায় পানি ওঠার ঘটনাকে তিনি ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন।

বুধবার নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে অনুষ্ঠিত ১৯ সদস্যের সমন্বয়ক কমিটির প্রথম সভায় এসব কথা বলেন মেয়র। নগরীর খাল-নালা সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সমন্বয় জোরদারে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই কমিটি গঠন করে।

সভায় মেয়র শাহাদাত বলেন, ‘ইদানিং আমরা লক্ষ্য করছি, নগরীতে রাস্তায় হকার ব্যবসা ব্যাপকভাবে বেড়ে গেছে। অনেকেই ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করছেন এবং যত্রতত্র ময়লা ফেলছেন।’

তিনি বলেন, ‘এসব বর্জ্য পরিষ্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের দিনরাত কাজ করতে হচ্ছে।’ বর্ষাকাল সামনে রেখে জোনভিত্তিক ধারাবাহিক অভিযান পরিচালনা এবং সড়ক দখল ও অপরিকল্পিতভাবে ময়লা ফেলা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন তিনি।

চলতি মৌসুমেই চট্টগ্রাম নগরীকে ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্য রয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘এ বছর প্রবর্তকে যে পানি উঠেছে, সেটাকে একটা দুর্ঘটনা বলব আমি। কারণ যে ভারি বৃষ্টি হয়েছে, সেটা আসলে বৈশাখের জন্য বেমানান। জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ করে এ ধরনের ঘটনা হয়েছে এবং ভবিষ্যতে সেটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘গত বছরে ৫০-৬০ ভাগ জলাবদ্ধতা আমরা কমাতে সক্ষম হয়েছি। এবার ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম।’

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিম বলেন, ‘প্রবর্তক এলাকায় হিজড়া খালের পাড়ে অবস্থিত দুটি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে একটি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভবন এবং অন্যটি ইউএস কর্নার সংলগ্ন একটি স্ট্রাকচার।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সামান্য ভূমিকম্প হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভেঙে ফেলা ভবনের অবশিষ্ট অংশ দ্রুত অপসারণ করা প্রয়োজন।’

পরে মেয়র শাহাদাত সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে আগামী ১০ দিনের মধ্যে ভবন দুটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলমসহ সমন্বয় কমিটির সদস্য ও বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ