বাংলাধারা প্রতিবেদন »
ছেলে ধরা বা বাচ্চা চুরির গুজব ছড়ালে এবং এসব গুজব কাজে লাগিয়ে কোনো গণধোলাইয়ের ঘটনা ঘটলে এর সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ।
বুধবার (২৪ জুলাই) দুপরে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
শ্যামল কুমার নাথ বলেন, গত কয়েকদিন ধরে একটি চক্র পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত প্রয়োজন এমন গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। ছেলেধরা গুজবে ঘটনায় আহত ব্যক্তিরা কেউ এ রকম অপরাধের সঙ্গে জড়িত নয় বলে দেখা গেছে।
কিন্তু এসব গুজব ছড়িয়ে একধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, কেউ যদি ছেলেধরা গুজব ছড়ায় এবং তা বিশ্বাস করে কেউ যদি কোনো ব্যক্তিকে আহত করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এ ঘটনায় আহত ব্যক্তি মারা গেলে হত্যা মামলায় অভিযুক্ত হবে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে দুটি গণধোলাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরের দুইটি ঘটনায় একজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। দুইটি ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। সন্দেহজনক কিছু দেখলে বা কেউ গুজব ছড়ালে পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












