চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ড্রোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ক দিনব্যাপী কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের পিসিআইইউ মিডিয়া ক্লাব ও ড্রোন বাবা’র যৌথ উদ্যোগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ড্রোনের ব্যবহার, পরিচালনা, সাংবাদিকতা, বিজ্ঞাপন ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল ড্রোন প্রদর্শনী, প্রাথমিক প্রশিক্ষণ এবং বাস্তবমুখী ব্যবহারিক সেশন।
পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. সাইফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি বলেন, ‘আধুনিক সাংবাদিকতায় ড্রোন প্রযুক্তির ব্যবহার দিন দিন অপরিহার্য হয়ে উঠছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন মাইনুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘এমন বাস্তবমুখী আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি এবং মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা যথেষ্ট নয়। প্রযুক্তিনির্ভর এই কর্মশালা শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়ক হবে।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক ড. গণেশ চন্দ্র রায়, অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ এনায়েত করিম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে ড্রোনের বহুমুখী ব্যবহার ও প্রযুক্তিগত দিক তুলে ধরেন মইনুল ইসলাম বাপ্পী। এছাড়া বাংলাদেশের অন্যতম দক্ষ ড্রোন পাইলট আশরাফুল ইসলাম মাহফুজ ড্রোন প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
কর্মশালার মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রায় ৬০ কেজি ওজনের ড্রোনের উড্ডয়ন। ড্রোনটিতে বিশ্ববিদ্যালয় ও মিডিয়া ক্লাবের পতাকা সংযুক্ত করে প্রদর্শন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।














