২৭ অক্টোবর ২০২৬

ফটিকছড়ি

বন্ধুর ৩ শিশুকে বাঁচাতে লেকে ঝাঁপ, এক শিশুসহ প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রামের ফটিকছড়িতে অ্যাগ্রো ফার্মের লেকে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মফিজ ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম হাবিলদারবাড়ির আবুল কাশেমের ছেলে। অন্যদিকে শিশু মুনতাহা ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নঈম উদ্দিন আজাদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে নঈম উদ্দিন আজাদ পরিবারসহ বন্ধু মফিজের অ্যাগ্রো ফার্মে বেড়াতে যান। বিকেলে নঈম উদ্দিনের তিন সন্তান ফার্মের মৎস্য লেকে থাকা একটি প্লাস্টিকের নৌকায় ওঠে। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে গেলে তিন শিশু পানিতে পড়ে যায়।

শিশুদের ডুবে যেতে দেখে ফার্মের মালিক মফিজ দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি প্রাণপণ চেষ্টা করে দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। তবে এ সময় শিশু মুনতাহা পানির নিচে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধারের উদ্দেশ্যে মফিজ আবারও গভীর পানিতে নামেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনিও নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা দ্রুত মফিজকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় মৎস্য লেক থেকে শিশু মুনতাহার নিথর দেহ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে দুজনের মৃত্যুর বিষয়টি ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হোসাইন নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ দুটি বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন