২১ অক্টোবর ২০২৬

রাউজানে যুবদল নেতা হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে আলোচিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (২১ জুন) ভোরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারের হাজীপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমশেরপাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে আইয়ুব বাঘাইছড়িতে তার আত্মীয় শাহ আলমের বাড়িতে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‌‘মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আইয়ুবকে র‌্যাব বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করেছে।’

উল্লেখ্য, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় আশরাফিয়া ফার্মেসির সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাউজান ও রাঙ্গুনিয়াসহ পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল খালেক চৌধুরীর ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন এবং স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

হত্যাকাণ্ডের প্রায় ৬০ ঘণ্টা পর নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী মো. রায়হানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ