চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাবার রাখাসহ বিভিন্ন অভিযোগে ৩টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে অভিযান চালিয়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
অভিযানে কালাবিবির দীঘির টানেল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, চৌমুহনী টানেল মোড়সংলগ্ন সাদিয়াস কিচেনকে ১০ হাজার টাকা এবং উপজেলা সদর এলাকার সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এসব হোটেলে মেয়াদের তারিখ ছাড়া দই রাখা এবং সিদ্ধ ডিমের সঙ্গে ময়লা পাওয়া যায়। এছাড়া টানেল রেস্টুরেন্ট ও উপজেলা সদরের সৌদিয়া হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। এসব কারণে ওই তিনটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা জানান, উপজেলার চাতরী চৌমুহনী ও তৎসংলগ্ন এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আনোয়ারা টানেল রেস্টুরেন্ট, সাদিয়াস কিচেন এবং সৌদিয়া হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।














