চট্টগ্রামের ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে চলা কথিত একটি ‘পারিবারিক’ মাদক কারবারে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রেপ্তাররা উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তাদের এ কর্মকাণ্ডে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ফটিকছড়িকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে।’
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার (২৫ জুন) সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।














