২৫ সেপ্টেম্বর ২০২৬

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

চট্টগ্রামের ইপিজেড-সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ লক্ষ্যে সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সম্ভাব্য নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার নয়ারহাট খাল ও ইপিজেড-সল্টগোলা ক্রসিং সংলগ্ন এলাকা পরিদর্শনকালে তিনি স্লুইসগেট নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন।

সিডিএ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পূর্বে নয়ারহাট খালের সংস্কারকাজ সম্পন্ন করা হলেও খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি খালে প্রবেশ করে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং হালিশহর, ইপিজেড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা অব্যাহত রয়েছে।

এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ এলাকায় একটি স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি।

পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সংসদীয় এলাকার জনগণের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, স্লুইসগেট নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ব্যবহার সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত অগ্রসর হওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতা-জনিত দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

উপস্থিত জনসাধারণের উদ্দেশে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘আমি আপনাদের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণ করে দেব। তবে আপনাদেরও একটি প্রতিশ্রুতি দিতে হবে— যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না, নালা-খাল দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না।’

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রাম গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সিডিএ চেয়ারম্যানের এ আহ্বানে উপস্থিত এলাকাবাসী সম্মতি প্রকাশ করেন এবং করতালির মাধ্যমে সমর্থন জানান।

আরও পড়ুন