২২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে কবিতা উৎসব : গোষ্ঠবিহারী সাহার ‘নির্বাচিত কবিতা’র প্রকাশনা

ছোট কাগজ উপসর্গ, ভাটিয়াল এবং সবুজের জয়যাত্রা’র যৌথ উদ্যোগে কবি গোষ্ঠবিহারী সাহা বিরচিত ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থের প্রকাশনা ও পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর গ্যালারি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, কবি, লেখক, শিক্ষাবিদ, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুহি সেনগুপ্তা। সভাপতিত্ব করেন কবি ও আদিবাসী চিন্তক হাফিজ রশিদ খান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, কবি গোষ্ঠবিহারী সাহার কবিতায় একদিকে যেমন প্রকৃতি, প্রেম, মানবতা ও দেশপ্রেমের অনুরণন রয়েছে, অন্যদিকে তেমনি সমাজবাস্তবতা, ইতিহাস, সংগ্রাম ও মানুষের অন্তর্গত বোধও গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর কবিতা সময়কে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সাহিত্য-সম্পদ হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়তোষ নাথ, প্রাক্তন প্রধান শিক্ষক, সরকারহাট এন.আর. হাই স্কুল, মিরসরাই; শাহাব উদ্দিন নীপু, সভাপতি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; দেবাশিস রুদ্র, সভাপতি, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, চট্টগ্রাম এবং কবি, সম্পাদক ও প্রকাশক মনিরুল মনির।

অনুষ্ঠানের শুরুতে গ্রন্থটির প্রকাশক আলমগীর মাসুদ স্বাগত বক্তব্যে বলেন, একটি ভালো বই প্রকাশ শুধু প্রকাশকের দায়িত্ব নয়, বরং সমাজের সাংস্কৃতিক দায়বদ্ধতারও অংশ। গোষ্ঠবিহারী সাহার নির্বাচিত কবিতাগুলো নতুন প্রজন্মকে বাংলা কবিতার গভীরতা ও সৌন্দর্যের সঙ্গে পরিচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এরপর শুভেচ্ছা বক্তব্য দেন উপসর্গ-এর সম্পাদক, কবি ও গল্পকার দেবব্রত সেন। তিনি বলেন, সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবিতা মানুষের মনন, মূল্যবোধ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং সমাজকে আলোকিত করে।

গ্রন্থটির পাঠ-পর্যালোচনায় অংশ নেন বিশিষ্ট কবি ও গল্পকার জিন্নাহ চৌধুরী, শিক্ষাবিদ নুরুল করিম, কবি ওবায়েদ মজুমদার এবং লেখক ও শিক্ষাবিদ মারুফা আক্তার। আলোচকরা তাঁদের বক্তব্যে গ্রন্থের ভাষাশৈলী, বিষয়বৈচিত্র্য, কাব্যিক নির্মাণ, মানবিক দর্শন এবং কবির সৃজনশীলতা নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, গোষ্ঠবিহারী সাহার কবিতা ব্যক্তিমানুষের অনুভূতিকে যেমন স্পর্শ করে, তেমনি সামাজিক দায়বদ্ধতার কথাও উচ্চারণ করে। তাঁর কবিতার ভাষা সহজ, সাবলীল ও হৃদয়স্পর্শী হওয়ায় পাঠকের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করে।

আলোচনা পর্ব শেষে কবিতা পাঠ করেন সুজয় দে। তাঁর আবৃত্তিতে কবির নির্বাচিত কবিতাগুলো নতুন মাত্রা লাভ করে এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কিংশুক দাশ চৌধুরী। তাঁর পরিবেশিত গান অনুষ্ঠানের সাহিত্যিক আবহকে আরও প্রাণবন্ত ও নান্দনিক করে তোলে।

শেষে উপস্থিত অতিথিরা কবি গোষ্ঠবিহারী সাহাকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘ সাহিত্যসাধনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তাঁরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে এমন প্রকাশনা ও পাঠ-পর্যালোচনা অনুষ্ঠানের ধারাবাহিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক আন্তরিক মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন কবি, লেখক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের শেষে কবির উত্তরোত্তর সৃজনশীল সাফল্য কামনা করে উপস্থিত সকলের অংশগ্রহণে এক আন্তরিক মিলনপর্বের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন