২২ অক্টোবর ২০২৬

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রূদ্রা ময়নার বাড়ির আবদুস ছোবাহানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ২২ জুন বেলা ১১টার দিকে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে গিয়াস উদ্দিন প্রকাশ্যে সোহেল নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত সোহেলের চাচা মো. বদিউল আলম (৪৩) গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি প্রকাশিত হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ছুরিকাঘাতের ঘটনার পর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে শনিবার ভোরে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন