২৫ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপের আহ্বান

মিয়ানমার সীমান্তে চলমান সংঘাত, উত্তেজনা এবং নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাব্য ঝুঁকির প্রেক্ষাপটে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটি (কেন্দ্রীয় পর্ষদ)।

সংগঠনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী, মহাসচিব শাহ মোহাম্মদ জাকির হোসেন সোবহানী, নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতারা এক বিবৃতিতে এ দাবি জানান।

সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা মুহাম্মদ মহীউদ্দীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকিও দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সীমান্তে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও অনুরোধ জানানো হয়।

এতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংগঠনটি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন