২৫ অক্টোবর ২০২৬

গলাসমান পানিতে পাতিলই হলো ভেলা, আট মাসের শিশুকে উদ্ধার

চারদিকে শুধু পানি। গলাসমান স্রোত ঠেলে এগোচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এক হাতে শক্ত করে ধরা নিরাপত্তার রশি, আর অন্য হাতে একটি বড় পাতিল। সেই পাতিলের ভেতর নিশ্চিন্তে বসে আছে মাত্র আট মাস বয়সী এক শিশু। পাশে আরেক সদস্য ছাতা ধরে হাঁটছেন, যেন শিশুটির গায়ে বৃষ্টির ফোঁটাও না লাগে। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত এলাকায় এমন মানবিক ও সাহসী উদ্ধার অভিযানের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর থেকে গলাসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন মানুষ পানিবন্দী হয়ে থাকার খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে আটকে পড়া পাঁচ শিশু ও আট নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।

উদ্ধার অভিযানের সময় আট মাস বয়সী এক শিশুকে নিরাপদে সরিয়ে নিতে অভিনব পদ্ধতির আশ্রয় নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। একটি বড় অ্যালুমিনিয়ামের পাতিলকে অস্থায়ী ভেলা হিসেবে ব্যবহার করে শিশুটিকে পানির মধ্য দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা রশি ধরে ধীরে ধীরে এগিয়ে যান এবং বৃষ্টির পানি থেকে রক্ষা করতে পাতিলের ওপর ছাতাও ধরে রাখা হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‌‘পানিবন্দী থাকার খবর পেয়ে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে সবচেয়ে নিরাপদ উপায়ে সরিয়ে আনতে বড় একটি পাতিল ব্যবহার করা হয়। পরে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।’

উদ্ধার অভিযানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ফায়ার সার্ভিসের সদস্যদের মানবিকতা, সাহসিকতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রশংসা করছেন।

আরও পড়ুন