৩১ মার্চ ২০২৬

চট্টগ্রাম মেডিকেলে আজ চালু হচ্ছে ডেঙ্গু সেল

বাংলাধারা প্রতিবেদন »

বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রবিবার (২৮ জুলাই) চালু হচ্ছে ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ সেল।

চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য খোলা হচ্ছে ডেঙ্গু কর্নার। ডেঙ্গু সেল স্থাপনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ করে চমেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা চিকিৎসা সেল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে চিকিৎসকদের একটি বিশেষ টিম সার্বক্ষণিক রোগীদের সেবা প্রদানে কাজ করবে।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘হঠাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা চিকিৎসা সেল গঠনের উদ্যেগ নেয়া হয়েছে। এখানে চিকিৎসকদের একটি বিশেষ টিম সার্বক্ষনিক রোগীদের সেবা প্রদানে কাজ করবে। তাঁরা একটি নিয়ম অনুসারে রোগীকে চিকিৎসা প্রদান করবে। আজ (রবিবার) এ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে’।

এদিকে, গতকাল শনিবার নতুন করে আরও ছয় জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঁচজন এবং নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর-এ একজন রোগী শনাক্ত হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পুরো চট্টগ্রামে ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তথ্য অনুযায়ী, সরকারি এ হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। এরমধ্যে দশজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকী ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখনো হাসপাতালের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এসব রোগীর মধ্যে একজন রোগী আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম।

তথ্য মতে, এ ১৬ জন রোগীকে নিয়ে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের একটি অংশে আলাদা চিকিৎসা সেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে এ বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সাথে পরামর্শ সভাও অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এ সেলে কতটি শয্যা বসানো হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘নতুন করে ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে তারা সবাই নরমাল ডেঙ্গুতে আক্রান্ত। চট্টগ্রামে আক্রান্তদের বেশি অংশই সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এখনো ডেঞ্জার হওয়ার মতো কোন রোগী পাওয়া যায়নি। সুতরাং এ বিষয়ে আতংকিত হওয়ার কিছুই নেই’।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন