২৫ সেপ্টেম্বর ২০২৬

সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অপারেশন ‘সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

অভিযান চলাকালে সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোটের গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয় এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইয়াবার এই বড় চালানটির বিষয়ে তথ্য পাওয়া যায়। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

জব্দ করা ইয়াবা, বোট ও আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন