৩ অক্টোবর ২০২৬

১ কোটি ১৫ লাখ টাকা লুট

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চক্রের মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় চক্রটির মূলহোতা সাজু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারের পর সাজু মিয়া আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী থানার কে.সি. দে রোডের শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ব্যবসায়ী পুলক দাশকে (৪৫) ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মোট প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের মালামাল লুট করা হয়।

পরে পুলক দাশের মুখ বেঁধে তাকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলাটির গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

পুলিশ সুপার এস.এম. রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় গত ১৬ আগস্ট এসআই আব্দুর রশিদের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাজু মিয়াকে গ্রেপ্তার করে।

পিবিআই জানায়, গ্রেপ্তারের পর সাজু মিয়াকে আদালতে হাজির করা হলে তিনি মামলার ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও বিপুল পরিমাণ অর্থ-স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন