চট্টগ্রাম নগরীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে শুরু হওয়া এ সার্ভিসে চালক ও হেলপার- দুই দায়িত্বেই থাকবেন নারীরা। ১২টি স্টপেজে যাত্রীরা উঠানামা করবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নগরের ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। পুরো রুটে নির্ধারিত ১২টি স্টপেজ রাখা হয়েছে। এসব পয়েন্টে নারী যাত্রীরা বাসে উঠতে ও নামতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, এটি প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাসের চালক ও হেলপার সবাই নারী হবেন।
আরও পড়ুন নারীদের নিরাপদ যাতায়াতে চালু ‘মহিলা বাস সার্ভিস’
তিনি বলেন, নারীরা যাতে গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, কর্মজীবী নারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি করাই এ সার্ভিসের মূল উদ্দেশ্য। পাশাপাশি নারী চালক ও হেলপার নিয়োগের ফলে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
চট্টগ্রাম নগরে প্রতিদিন বিপুলসংখ্যক নারী গণপরিবহন ব্যবহার করেন। অতিরিক্ত ভিড়, আসনসংকট ও নিরাপত্তাজনিত নানা কারণে তাদের অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। পৃথক এ বাস সার্ভিস চালু হওয়ায় এসব সমস্যা অনেকটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রীদের চাহিদা ও সার্ভিস পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।












