৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চাতুরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ পাওয়া যায়। একই সঙ্গে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিরও প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, চাতুরী চৌমুহনী বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুমসহ আনোয়ারা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন