চট্টগ্রাম নগরীর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে নগরীর বড়পুল এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১১টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা এবং একটি অটোটেম্পু আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
বিআরটিএ চট্ট মেট্রো-১ কার্যালয়ে পরিচালিত দালালবিরোধী অভিযানে দালালির অভিযোগে বাঁশখালী উপজেলার ছাপাছড়ি গ্রামের মো. মাসুদ আলী (৩১), পিতা—মোর্তজা আলী এবং আনোয়ারা উপজেলার শুলকাটা গ্রামের মো. হাসেম (৪৫), পিতা—নোয়া মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, নগরীর বড়পুল এলাকায় পৃথক অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একটি অটোটেম্পুও আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
বিআরটিএ সূত্র জানায়, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং বিআরটিএ কার্যালয়কেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












