চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দ্রুত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রবিউল হক শিমুল।
সংবাদ সম্মেলনে স্কপ নেতারা বলেন, সাম্প্রতিক শিপইয়ার্ড দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানের ‘গ্রিন সার্টিফিকেট’ধারী একটি শিপইয়ার্ডে এমন প্রাণহানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় মালিকপক্ষকে বহন করতে হবে।
এ ছাড়া দুর্ঘটনার তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্তি, শিপইয়ার্ডগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, নিয়মিত সরকারি পরিদর্শন জোরদার এবং জাহাজভাঙা শিল্পে নিম্নতম মজুরি ২২ হাজার টাকা বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্কপের নেতারা বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।














