চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন আবদুল্লাহ আল নোমান, দিদার হোসেন ও মেজবাউল আলম।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জয়নাল আবেদিন তিতাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তিনটি দোকানঘর পুড়ে গেছে, যেগুলোই ফার্নিচারের দোকান।
তিনি বলেন, আগুনে দোকানগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।














