চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে বিমান বাহিনীর সদস্যদের খেপিয়ে তোলা ও ঘাঁটির শান্তি-শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এক আরবি শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হাফেজ লুৎফর রহমান (২৯)। তিনি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে অস্থায়ী আরবি শিক্ষক হিসেবে কর্মরত।
এ ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম সাইদুজ্জামান বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেছেন। এজাহারে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। নানা কারণে ঘটনাটি জানাজানি হয় পরে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে এশার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের ভেতরে কয়েকজন বিমান বাহিনীর সদস্যের উপস্থিতিতে লুৎফর রহমান উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘাঁটির অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, ঘটনাটি নজরে আসার পর লুৎফর রহমানকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন সময়ে নামাজের পর মসজিদে আসা বিমান বাহিনীর সদস্যদের একত্রিত করে বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য দেওয়ার তথ্য পাওয়া যায়।
এজাহারে আরও বলা হয়, তার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে সদস্যদের মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও অধিকতর তথ্য সংগ্রহ শেষে লুৎফর রহমানকে আটক করে থানায় নিয়ে এজাহার দায়ের করা হয় বলে বাদী উল্লেখ করেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে সেদিনেই আদালতে পাঠিয়েছেন বলে জানান পতেঙ্গা মডেল থানার ওসি পারভেজ আলী।














