২২ অক্টোবর ২০২৬

দুলাভাইয়ের মাদক কারবারে ‘বাহক’ ১৩ বছরের শিশু, জনতার হাতে ধরা

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় ২৪ পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ (১৩) নামে এক শিশুকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশু পুলিশকে জানিয়েছে, তার দুলাভাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার নির্দেশেই সে ইয়াবা বিক্রি করছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এলাকায় এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোহাম্মদ আব্দুল্লাহ একই ওয়ার্ডের লায়লার বাপের বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) চয়ন কুমার দাশ বলেন, স্থানীয়রা ইয়াবাসহ শিশুটিকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করে।

এসআই চয়ন কুমার দাশ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানিয়েছে, তার দুলাভাই মাদক ব্যবসা করেন এবং তার নির্দেশেই তাকে দিয়ে ইয়াবা বিক্রি করানো হয়। শুক্রবার রাতে ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় শিশুটিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় তার দুলাভাইকেও আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন