২২ অক্টোবর ২০২৬

রাউজানে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় মো. নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিল নগর আমানিয়া হোটেলের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম টিটু রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলেঙ্গারার আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। বর্তমানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের রাউজান জোনাল অফিসের অধীন বিনাজুরী শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একজন গ্রাহকের বোনাসের ফাইল জমা দিয়ে অফিস থেকে বের হন টিটু। পরে মহাসড়ক পার হয়ে আমানিয়া হোটেলের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের সহকর্মী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের রাউজান মডেল শাখার জোনাল ম্যানেজার সুজন বড়ুয়া জানান, টিটু অফিস থেকে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর তারা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর পলিথিনে ঢাকা মরদেহ দেখতে পান তারা। পরনের পোশাক ও চেহারার অংশবিশেষ দেখে মরদেহ শনাক্ত করেন সহকর্মীরা। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়ভাবে টিটু স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছিলেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নাকচ করে সুজন বড়ুয়া বলেন, টিটু অফিসের কাজ শেষ করেই বের হয়েছিলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া বা এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন না।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাউজান থানা ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দেয়। পরে পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুই পাশে ট্রাক, বাস ও অটোরিকশা যত্রতত্র পার্কিং করে রাখা হয়। এতে চার লেনের মহাসড়ক কার্যত দুই লেনে পরিণত হয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন, রাউজান থানার ওসি সাইফুল ইসলাম ও রাউজান হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার।

এএসপি বেলায়েত হোসেন বলেন, সড়ক পারাপারের সময় নুরুল ইসলাম টিটু নামে এক ব্যক্তি ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে পুলিশ প্রায় দেড় ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়ে এএসপি বলেন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সাময়িকভাবে গাড়ি সরিয়ে নেওয়ার পর আবারও সড়ক দখল করে পার্কিং করা হয়। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন