৩১ মার্চ ২০২৬

মিন্নিসহ জবানবন্দী দেয়া ১৫ আসামিকে আদালতে হাজির

বাংলাধারা ডেস্ক »

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয় তাদের।

বিচারক আগামী ১৪ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করে পুনরায় হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরেক আসামি রাতুল সিকদার জয়ের বয়স কম হওয়ায় আদালত তাকে আগেই সেভহোমে পাঠিয়েছে।

অন্যদিকে, মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া আয়শা সিদ্দিকা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছে একই আদালত। সেই সঙ্গে জেলা ও দায়রা জজ আদালতে নথি তলব করেছে বিচারক। মূল নথি হাতে পেলেই তার স্বীকারোক্তি প্রত্যাহারের বিষয়টি শুনানি করা হবে।

এর আগে গত ১৫ জুলাই হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আট আসামিকে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছিল। আসামি পক্ষের কোনো জামিন আবেদন না করায় বিচারক সিরাজুল ইসলাম গাজী আসামিদের পুনরায় ৩১ জুলাই কোর্টে হাজির করার নির্দেশ দেন।

এদিকে মিন্নি, অরিয়ান শ্রাবণ ও কামরুল আহসান সাইমুন ছাড়া বাকি ১২ জন আসামি এখনো আইনজীবী নিয়োগ দিতে পারেননি। গত ২৩ জুলাই সাইমুন ও ২৪ জুলাই শ্রাবণের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের জামিনের আবেদন করলে বিচারক মো. ইয়াসিন আরাফাত দু’জনেরই জামিন আবেদন নামঞ্জুর করেন। মিন্নির দ্বিতীয় দফায় মঙ্গলবার (৩০ জুলাই) জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

মামলাটিতে এখন পর্যন্ত ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৫ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে। এজাহারভুক্ত চার আসামি এখনো পালাতক রয়েছে।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্যে কু’পিয়ে হত্যা করে নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজী সহ আরও কয়েক জন দুর্বৃত্ত। পরে রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন