বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানাতে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো চার শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে
বুধবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার শীতলপুরে ম্যাক কর্পোরেশন নামে পুরাতন জাহাজ ভাঙ্গার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নান্টু হোসেন (২৪), মোহাম্মদ রাসেল (২৫) ও মোহাম্মদ ছবিদুল (২৬)। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, মাষ্টার কাসেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন নামে ইয়ার্ডে নতুন আসা একটি জাহাজের ইন্জিন রুমে মালামাল খোলার সময় পাম্প হাউজের গ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ভিতরে থাকা ৭ শ্রমিক আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে জানিয়েছেন ম্যাক কর্পোরেশন নামক শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে গুরুতর আহত তিন শ্রমিককে চমেকে আনা হলে কর্তব্যতে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তবে অন্য আহতদের চমেকে আনা হয়নি।
এব্যাপারে জানতে ম্যাক কর্পোরেশনের ম্যানেজার কফিল উদ্দিনকে তার মুঠোফোনে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।
বাংলাধারা/এফএস/এমআর












