চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে ‘নাছির কারখানা’ নামে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকট শব্দের পর মুহূর্তেই কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শোনার পরপরই কারখানা থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানায় কেমিক্যাল মজুত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সার্ভিস কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে আগুন লাগার পর থেকে ‘নাছির কারখানা’র কর্মকর্তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।














