চট্টগ্রাম উত্তর জেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক ইমাম হোসেন চৌধুরী ইমতিয়াজকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকার পিলখানা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইমতিয়াজ চৌধুরীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে মশাল মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক ইমতিয়াজ চৌধুরীর নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ইমতিয়াজ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার আইনগত প্রক্রিয়া পরবর্তী সময়ে অনুসরণ করা হবে।














