২৮ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

দৈনিক আজাদীর সাবেক প্রধান প্রতিবেদক, দৈনিক সমকাল ও দৈনিক যায়যায়দিনের সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)।

হেলাল উদ্দীন চৌধুরী ১৯৫৬ সালের ৯ নভেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পুরোদস্তুর একজন কলমযোদ্ধা। জীবনের শেষদিন পর্যন্ত সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে।

কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নকালে ১৯৭৪ সালে দৈনিক গণকণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি হয় তাঁর। পরবর্তীতে দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত সাগরবাণী, সাপ্তাহিক কক্সবাজার ও কক্সবাজার বার্তার প্রকাশনার সঙ্গেও যুক্ত ছিলেন।

১৯৮১ সালের ১ এপ্রিল দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার হিসেবে চট্টগ্রামে সাংবাদিকতা শুরু করেন হেলাল উদ্দীন চৌধুরী। ২০০৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ধরে সিনিয়র রিপোর্টার থেকে প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। দুই যুগেরও বেশি সময় দৈনিক আজাদীতে কর্মরত থাকার কারণে তিনি ‘আজাদীর হেলাল’ নামে পরিচিতি লাভ করেন।

২০০৫ সালের ১ ফেব্রুয়ারি দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে যোগ দেন তিনি। সেখানে ২০০৭ সালের ১৬ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সালে দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে যোগ দেন এবং জীবনের শেষসময় পর্যন্ত এই পত্রিকায় কর্মরত ছিলেন।

সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন হেলাল উদ্দীন চৌধুরী। চট্টগ্রাম প্রেসক্লাবের ১৯৯৫-৯৬ ও ১৯৯৭-৯৮ মেয়াদে সাধারণ সম্পাদক, ১৯৯৯-২০০০ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে যুগ্ম-সম্পাদক, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।

তিনি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কক্সবাজার সাংবাদিক সমিতির বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬-৯৮ মেয়াদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের রিপোর্টার স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব এবং কয়েক মেয়াদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দৈনিক আজাদী ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ‘থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

হেলাল উদ্দীন চৌধুরীর বড় সন্তান ড. তাসনিম উদ্দীন চৌধুরী চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার বাদ আছর হযরত মিসকিন শাহ (র.) কবরস্থানে খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন