চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন একেখান মোড়ের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুন নাঈম (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরের একেখান মোড়ের ‘হোটেল সিটি প্যালেস’র দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুন নাঈম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আইয়ুব আলী, মায়ের নাম শাহনাজ আকতার এবং স্বামীর নাম মনসুর হেলাল।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জান্নাতুন নাঈম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পুলিশ লাশটি হাসপাতালে নিয়ে এসেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।












