মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার দিনগত (৭ অক্টোবর) মধ্যরাত থেকে নদ-নদী ও অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
নিষেধাজ্ঞার আওতায় মিরসরাই উপজেলার নদীপথের অভয়াশ্রম ও সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। পাশাপাশি রাত ১২টার পর থেকে নদ-নদীতে অভিযান পরিচালনার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, উপজেলায় তালিকাভুক্ত ১ হাজার ৫০০ জেলে পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে পারেন এবং পরিবার নিয়ে কষ্টে না পড়েন, সে জন্য খাদ্য সহায়তা হিসেবে এ চাল দেওয়া হয়েছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞার পুরো সময় নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাছের আড়ত, বাজার ও পরিবহনেও নজরদারি থাকবে। কেউ যাতে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত বা বিক্রির সুযোগ না পান, সে বিষয়ে কঠোরভাবে নজর রাখা হবে।












