শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে শত কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবার উদ্যোগকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মধ্য তালবাড়িয়া সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দির (দেবোত্তর সম্পত্তি) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব, সাধারণ সম্পাদক মোহন দে, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অভি রায়, সাধারণ সম্পাদক প্রদীপ গোস্বামীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্মিলিত গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে আধ্যাত্মিক আবহ তৈরি হয়। একই সঙ্গে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবিরে স্থানীয়দের চিকিৎসাসেবা দেওয়া হয়।
আয়োজনে ধর্মীয় অনুশীলনের পাশাপাশি মানবকল্যাণ ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টি গুরুত্ব পায়। ধর্মীয় উৎসবকে কেবল পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজে লাগানোর এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী ও লিও ক্লাব অব চিটাগং অগ্রণীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।














