মানুষের কল্যাণে কাজ করার জন্য কারও হাততালি কিংবা বাহবার প্রত্যাশা করেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। তিনি বলেছেন, বিবেকের দায়বদ্ধতা থেকে গত ২৭ বছর ধরে সমাজের কল্যাণে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
সংযুক্ত আরব আমিরাতে তাঁর আগমন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৩০ অক্টোবর শারজার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী ও তাঁর বন্ধুদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহীম জয়নব ইন্টারন্যাশনাল ট্রেডিং এলএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি সেলিম কাদের। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আবুল কাশেম হিরু, সাইফুল হক লাভলু ও এম এ আওয়াল।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির আরব আমিরাত শাখার সভাপতি মো. রাশেদুল আলিম শারুক, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সংগঠক জি এম মোহাম্মদ জুন্নুন জনি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ খোরশেদ, কাজী আশরাফ জামান ও গিয়াস উদ্দিন সাগরসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আরব আমিরাত সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা উচিত। যারা মাটি ও মানুষের কল্যাণে কাজ করেন, মহান আল্লাহ তাঁদের সম্মানিত করেন।
তিনি বলেন, বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি নিয়মিত কাজ করার চেষ্টা করছেন। প্রবাসীরা বাংলাদেশের প্রকৃত উন্নয়ন-সহযোদ্ধা। অতীতেও তিনি প্রবাসীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
সভাপতির বক্তব্যে সিআইপি সেলিম কাদের বলেন, নাজিম উদ্দিন এ্যানেলের মতো সমাজকর্মী সমাজে আরও বেশি প্রয়োজন। ভালো কাজের প্রশংসা করাও আরেকটি ভালো কাজ।













