৩১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সিটি করপোরেশন এডিস মশার লার্ভা ধ্বংসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে নাগরিকদের ব্যক্তিগত সচেতনতা ও সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।

তিনি বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপের কারণে চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা’ শীর্ষক আলোচনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে সিটি করপোরেশন প্রাকৃতিক ব্যাকটেরিয়া বিটিআই (BTI) যুক্ত পদ্ধতির লার্ভিসাইড ব্যবহার করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত এ পদ্ধতিতে লার্ভিসাইড পানিতে প্রয়োগ করলে এডিস মশার লার্ভা তা গ্রহণ করে। পরে লার্ভার পরিপাকতন্ত্রে সক্রিয় হয়ে বিষক্রিয়া সৃষ্টি করে এবং লার্ভা ধ্বংস করে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পাত্র, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থলে পরিণত হয়। তাই বাসাবাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। অন্তত তিন দিন পরপর জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে।

নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এডিস মশা সাধারণত সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের আগে বেশি সক্রিয় থাকে। ঘরের জানালায় মশানিরোধক নেট ব্যবহার করতে হবে। দিনে কিংবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। আলমারি, জানালা ও পর্দার আড়ালে লুকিয়ে থাকা মশা থেকেও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সবাই সচেতন হলে চট্টগ্রামকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের সভাপতি শেখ মোজাফফর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং হাসপাতালটির অধ্যাপক ডা. মোহাম্মদ সাইদুজ্জামান।

সোমা মুৎসুদ্দির পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুতুল বাহার, সহসভাপতি আনোয়ারুল হক চৌধুরী ও ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোয়েব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসা খান, ডা. জাফরুল্লাহ পরিষদের সম্পাদক রাজন বড়ুয়া, রাজিব শীল, তাহেরা আকতার ও জান্নাতুল মাওয়া মারুফা প্রমুখ।

আরও পড়ুন