৪ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩, জব্দ ৪ ট্রাক বালু

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ সময় চারটি ট্রাকে ভর্তি ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার অলংকার হোটেলের সামনে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি ট্রাকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকগুলোতে থাকা ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

এ ছাড়া ৩০১ বস্তা সার চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে উঠে আসা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির মামলায় একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং সিআর পরোয়ানাভুক্ত দুজনকেও গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, একই রাতে জোরারগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে আরও নয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অপরাধ দমন, অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন