কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় হোটেল সি পার্লের স্পা কর্মী ছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়া বাসাটিতে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুমি আক্তার মীমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এক নারীর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’













