৯ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় শ্রমিকবাহী বাসের ধাক্কায় হেলপার নিহত, আহত ১৮

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে। এতে বাসটির হেলপার মো. আলমগীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন শ্রমিক।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর দুর্ঘটনাকবলিত বাসটির হেলপার ছিলেন। আহতদের মধ্যে শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুরের নাম জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত সবাই কেইপিজেড এলাকার বেনকট নামের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

কারখানাটির সিকিউরিটি অফিসার বাবুল জানান, সকালে শ্রমিকদের পরিবহনের জন্য বাসটি কারখানার উদ্দেশে যাচ্ছিল। পথে পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন