১২ নভেম্বর ২০২৬

প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির কারখানা, ৭ মেশিন জব্দ

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি সম্পূর্ণ প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য পাওয়া গেলেও বিস্তারিত পরীক্ষায় সাতটি মেশিন শনাক্ত হয়। চালানটি ছয়টি প্যাকেজে আমদানি করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, ঢাকার মিরপুরের বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ জন্য প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল।

তবে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় চালানে সিগারেট উৎপাদনের মূল যন্ত্রপাতির অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে রয়েছে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার।

অর্থাৎ, প্যাকিং সরঞ্জামের ঘোষণা দিয়ে মূলত সিগারেট তৈরির সম্পূর্ণ উৎপাদন লাইন আমদানি করা হয়েছিল বলে জানিয়েছে সিআইআইডি।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, চালানটির ইনভয়েসে মূল্য দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। তবে ওয়েবসাইটভিত্তিক প্রাথমিক মূল্যায়নে এর আনুমানিক মূল্য পাওয়া গেছে ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি।

চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে রয়েছে এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড। রপ্তানিকারক প্রতিষ্ঠান আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ বলে জানিয়েছে সিআইআইডি।

সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, সিগারেট তৈরির মেশিন বা উৎপাদন লাইন আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া সমীচীন। এর বাইরে এসব যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি তৈরি হয়।

এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন। একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির উৎপাদন লাইন আমদানির ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যের সত্যতা, পণ্যের সঠিক এইচএস কোড, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাইয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সিআইআইডি জানিয়েছে, সিগারেট খাতে সঠিক রাজস্ব আদায় নিশ্চিত করা এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন