ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন ‘এক্সচেঞ্জ প্রোগ্রামে’ আসা আটজন চীনা শিক্ষার্থী।
তাদের মধ্যে দুজন শিক্ষার্থী বুধবার (১১ নভেম্বর) ফিরে গেছেন নিজ দেশ চীনে এবং আগামী ১৩ নভেম্বর বাকি ছয় শিক্ষার্থী ঢাকা ছাড়বেন।
স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি এবং তাদের মতামত নেন।
চীনের এই আট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষদিকে পরীক্ষা দিয়ে তাদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা ও তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন।
ফলে শর্ট কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। এখন দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই তারা এই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বলেন, ‘নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের উদ্বেগ থেকেই তারা আগে চলে যাচ্ছে। দুজন চলে গেছে, বাকি যে ছয়জন আছেন, তারা ইতোমধ্যেই যাওয়ার টিকিট কনফার্ম করে ফেলেছেন।’
তিনি আরও বলেন, ‘বাকিদের নিয়ে বুধবার বৈঠক করে তাদের মতামত নিয়েছি। তারা জানিয়েছেন তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোনো সিদ্ধান্ত নিলে তা আমাদেরকে জানাবেন।’













