১২ নভেম্বর ২০২৬

এলজি, দা ও টিপ ছুরি উদ্ধার; নিহতের বিরুদ্ধে ১৯ মামলা

বাকলিয়ায় আধিপত্যের লড়াইয়ে যুবক খুন, নারীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের বাকলিয়ার তক্তারপুল এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর সুবাহান ওরফে সোবান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শওকত গ্রুপের বিরুদ্ধে।

এ ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

পুলিশ জানায়, ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তক্তারপুল এলাকায় সোবানের বাড়ির সামনের গলির মুখে এ ঘটনা ঘটে। মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে সোবানকে উপর্যুপরি কোপায়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন